বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

মায়ের প্রতি অবহেলা: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

মায়ের প্রতি অবহেলা: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু
মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার সন্তানদের দায়িত্বহীনতার অভিযোগ সামনে আসার পর তার যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার জন্য দেশে আইন রয়েছে। সেই আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ বিধি অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।


বিজ্ঞাপন


নূর জাহান বেগমের সন্তানদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং একজন স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। সম্প্রতি তার মৃত্যুর পর সন্তানদের অবহেলার অভিযোগ গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেয়ের সঙ্গে বসবাস করা নূর জাহান বেগমের কক্ষসহ পুরো ফ্ল্যাটের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মরদেহ উদ্ধারের সময়কার ভিডিও ফুটেজেও তাঁর দেহে পচনের স্পষ্ট চিহ্ন দেখা যায়। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার উপস্থিতি ছিল।

আরও পড়ুন: হতভাগ্য সেই মায়ের উচ্চশিক্ষিত সন্তানদের পরিচয় প্রকাশ, নিন্দার ঝড়

মঙ্গলবার দুপুরে মিরপুরের সেকশন-৬-এর সি ব্লকের ১৩ নম্বর সড়কের ওই ভবনে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও ফ্ল্যাটের দরজা কেউ খোলেননি। তবে ভবনের বাসিন্দা ও আশপাশের প্রতিবেশীরা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, একজন প্রবীণ নারীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


বিজ্ঞাপন


এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন। আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করতে হবে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এ দায়িত্ব নিশ্চিত করার কথাও আইনে উল্লেখ রয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা জরিমানা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। ২০২৩ সালে এ আইনের বিধিমালাও প্রণয়ন করা হয়।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর