বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

দায়িত্ব বাড়ার গুঞ্জনে যা বললেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

Sama
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা-জল্পনা চলছে। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেতৃত্বে কোনো পরিবর্তন এলে তার দায়িত্ব বাড়তে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই খুশি আছি।’

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যদি নিবেদিতভাবে ওনার এই কাজটা করতে হয় (জাতিসংঘের সভাপতির কাজ) তাহলে ওখানে (জাতিসংঘে) সময় দিতেই হবে। তারে মানে এই নয় যে, উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমি মনে করি, এটা ওনাদের দুজনের (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্তে হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক বছরের ছুটি নিচ্ছেন কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সেটা উনি (খলিলুর রহমান) সিদ্ধান্ত নেবেন। আর সেটা নিশ্চয় আপনারা জানবেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অবর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর জন্য একজন ভারপ্রাপ্ত মন্ত্রী সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি এ ব্যাপারে অবগত নই, আমি কিছুই জানি না। আমি মনে করি, এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনার সুদৃঢ় নেত্বেত্বে যখন আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে তিনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা নেই।

দায়িত্ব আপনার ওপর আসতে পারে? এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদের স্পষ্ট জবাব, ‘আমি কিছুই জানি না। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি।’


বিজ্ঞাপন


নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় গত মঙ্গলবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পেয়েছেন। ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়েছেন খলিলুর রহমান। তিনি এক বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব সামলাবেন।

এমএইেএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর