বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণচেষ্টা, গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

Arrest
অপহরণ চক্রের সঙ্গে জড়িত গ্রেফতার ৯ সদস্য। ছবি: ঢাকা মেইল

‎রাজধানীর আদাবর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় ভুক্তভোগীর চিৎকারে চক্রের এক সদস্যকে গ্রেফতার করে টহলরত পুলিশ। এ সময় চক্রের বাকি সদস্যরা পালিয়ে গেলেও পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও ৮ সদস্যকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

‎বুধবার (৩ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।


বিজ্ঞাপন


‎গ্রেফতার ব্যক্তিরা হলেন চক্রের মূলহোতা জাহিদ হোসেন, হোসাইন আহম্মদ ওরফে সিফাত, ইয়াছিন ওরফে আজমান, আরিফুল ইসলাম, মাহিম চৌধুরী আকাশ, সাকিব, সোহেল রানা, মো. নাঈম ও মো. মর্তুজা তামিম।

‎সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা বলেন, সাদমান সাকিব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মঙ্গলবার রাত ১১টায় শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় কাজে আসেন। এ সময় তাকে তিন থেকে চারজন দেশীয় অস্ত্র দেখিয়ে অপহরণ করে সরু গলির ভেতরে নিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তার পরিবারের কাছে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় আমাদের একটি টহল টিম সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অপহরণ চক্রের মূলহোতা জাহিদকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় চক্রের বাকি সবাই পালিয়ে যায়। জাহিদকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে এ চক্রের আরও আট সদস্যকে আমরা গ্রেফতার করি।

‎অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, এই চক্রটি মোহাম্মদপুর আদাবর এলাকায় ভোরের দিকে যখন ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে বিভিন্ন মালামাল আনতে বাজারে যান ওই সময়টায় তাদের টার্গেট করে অপহরণ করত। বিশেষ করে যারা একা থাকত তাদের টার্গেট করে অপহরণ করত। তাদের মাস্টারমাইন্ড জাহিদ। তিনিসহ আরও দুই আসামির নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‎এ ঘটনায় আমরা আসামিদের গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছি। আমরা তাদের রিমান্ডে এনে এর সঙ্গে আরও কোনো চক্র আছে কি না, তারা আর কোথায় কোথায় এই ঘটনা ঘটিয়েছে, কোনো ভুক্তভোগী আছে কি না সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করব।


বিজ্ঞাপন


‎একেএস/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর