ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে বিশ্বমঞ্চে সব সদস্যরাষ্ট্রের সমান প্রতিনিধি হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (২ জুন) নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ সদর দফতরে দেওয়া বক্তব্যে নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি। আমি সাধারণ পরিষদকে আশ্বস্ত করতে চাই, আমি পক্ষপাতহীনভাবে সব সদস্যরাষ্ট্রের সভাপতি হিসেবে কাজ করব। আমার ব্যক্তিগত কোনো মতামতকে সভাপতির দায়িত্ব পালনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে দেব না। যে কোনো মতপার্থক্যকে পাশে রেখে সবার ঐকমত্যের ভিত্তিতে অভিন্ন পথ খোঁজার চেষ্টা করব।’
আরও পড়ুন: বৃহস্পতিবার দেশে ফিরছেন খলিলুর রহমান
আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ অধিবেশনে জাতিসংঘের সংস্কার, পরবর্তী প্রজন্মের বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার প্রস্তুতি এবং নতুন মহাসচিব নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় আসবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তাহীনতা ও উন্নয়ন বৈষম্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তার ভিশন স্টেটমেন্টে শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার রক্ষা, ডিজিটাল শাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বহুপাক্ষিকতার পুনরুজ্জীবন- এই ছয়টি অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজ দফতর পরিচালনা বিষয়ে খলিলুর রহমান জানান, ভৌগোলিক অবস্থান, লিঙ্গ সমতা ও ভাষাগত ভারসাম্য বিবেচনায় তিনি দফতর গঠন করবেন। বিশেষ করে ছোট দেশগুলোর প্রতিনিধিদের সহায়তায় একটি বিশেষ সেল গঠন করা হবে বলেও তিনি জানান। এছাড়া সাধারণ পরিষদের কার্যক্রম সহজ করতে সভাপতির ট্রাস্ট ফান্ডে সদস্যরাষ্ট্রগুলোর অবদান রাখার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের কর্মকাণ্ডে জনমানুষের আস্থা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতিসংঘের সাফল্যগাথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম গণমাধ্যম। তিনি সাংবাদিকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তার দরজা সবসময় উন্মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন।




