আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে থেকে ব্যালট বাক্সের হিসাব ও চাহিদা প্রেরণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
বিজ্ঞাপন
কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসাবে মাঠ পর্যায়ে কতটি ব্যালট বক্স আছে কিংবা কোনো এলাকায় আরও কতটি লাগবে তা নির্ধারণ করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সকল কাজ প্রায় শেষের দিকে আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করে তা কতৃপক্ষের কাছে উপস্থাপন করা যাবে।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন করতে আমাদের যেসমস্ত মালামাল প্রয়োজন পড়ে, সে প্রস্তুতি আমাদের আছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আমরা করলাম। সে সময় আমরা কিছু বাড়তি ব্যালট বাক্স কিনেছিলাম। হিসাব করে দেখলাম, গণভোটের জন্য কেন্দ্রপ্রতি অতিরিক্ত একটি করে ব্যালট বাক্স লাগবে। সেই ব্যালট বাক্সগুলো কিন্তু রয়ে গেছে। যেহেতু ধাপে ধাপে নির্বাচন হবে, সেহেতু সরঞ্জামের দিক থেকে আমাদের কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না।’
তবে মাঠ পর্যায়ে কোনো ঘাটতি আছে কি না তা যাচাই করতেই অঞ্চল ভিত্তিক তথ্য যাচাই করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।
জানা যায়, দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছরে আরও ৩৪৯টি। এছাড়া বর্তমানে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সরকার বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার অনুমোদন দেওয়ায় দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১৩টিতে উন্নীত হবে। একই সঙ্গে নতুন পাঁচটি উপজেলা অনুমোদন করায় উপজেলার সংখ্যা বেড়ে ৫০০ হবে।
এমএইচএইচ/এএইচ




