সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
গোলাম কিবরিয়া রুবেল

দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়া রুবেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক দাফতরিক আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


দফতর আদেশে বলা হয়, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ডিএসসিসির বিভিন্ন দরপত্র কার্যক্রম নিয়ন্ত্রণ, সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ ও পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেয় এবং একজন তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করে।

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং তদন্ত কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তার রোধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’-এর বিধি ৫০ এবং ৫৫(১) অনুযায়ী গোলাম কিবরিয়া রুবেলকে ডিএসসিসির সচিব দফতরে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর