ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) লক্ষ্যমাত্রার বেশি বর্জ্য অপসারণ করতে পারলেও পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
দুই সিটি করপোরেশনের প্রাপ্ত তথ্যমতে, এবার দুই সিটি করপোরশন মিলে ঈদের প্রথম তিনদিনে ৫৪৮৩১ টন বর্জ্যে অপসারণের লক্ষ্য ছিল, সেখানে ৫৫০৩১ টন বর্জ্য অপসারণ হয়েছে।
বিজ্ঞাপন
তবে ডিএনসিসির তথ্যানুযায়ী, তাদের তিনদিনে লক্ষ্য ছিল ২০৮৮৯ টন বর্জ্য অপসারণ। কিন্তু এই সময়ে বর্জ্য অপসারণ হয়েছে ১৮৯৪৫ টন। অর্থাৎ, লক্ষ্যমাত্রা থেকে প্রায় দুই হাজার টন বর্জ্য অপসারণ কম করেছে তারা।
যদিও ডিএসসিসির লক্ষ্যমাত্রা ছিল ৩৩৯৪২ টন, যেখানে অপসারণ করেছে মোট ৩৬০৮৬ টন বর্জ্য। অর্থাৎ, লক্ষ্যমাত্রা থেকে দুই হাজারের বেশি টন বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে তারা।
ফলে দুই সিটি মিলে ৫৫ হাজারের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। তবে রাজধানীতে এখনো কোরবানি বর্জ্য রয়ে গেছে। এ কারণে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রেখেছে সংশ্লিষ্টরা।
রোববার দুপুরে নগরভবনে কোরবানি বর্জ্য অপসারণ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘আমাদের কার্যক্রম এখানেই শেষ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন, সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছে।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই- ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে (০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নান। আমরা সংবাদ পাওয়ার ১ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করব, ইনশাআল্লাহ। তবে নগরবাসীর প্রতিও অনুরোধ, দয়া করে যত্রতত্র ময়লা ফেলবেন না এবং অন্য কেউ ফেললে তাকেও নিবৃত্ত করুন। এটি আপনার নৈতিক ও নাগরিক দায়িত্ব।’
অন্যদিকে গুলশানে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘৭২ ঘণ্টার পরিকল্পনার পর রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি এই কার্যক্রম বাস্তবায়ন করবে।’
ডিএসসিসির তথ্যানুযায়ী, ঈদের দিন থেকে গতকাল (৩০ মে) রাত ১২টা পর্যন্ত মোট ৩৬,০৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়। এর মধ্যে প্রথম দিনে ১৪,৮১৪ টন, দ্বিতীয় দিনে ৮,৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২,২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়।
এই কাজে ডিএসসিসির নিজস্ব ও পিসিএসপিসহ প্রায় ১৩,৪৫৩ জন কর্মী মাঠপর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। পাশাপাশি ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২,১১৭টি ছোট-বড় গাড়ি ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে ডিএনসিসির তথ্যানুযায়ী, মোট ৪৩৮৮ ট্রিপে ১৮৯৪৪.৯৬ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এরমধ্যে প্রথমদিন ৮০৭৬.৪৮ টন, দ্বিতীয়দিন ৬৭১৪.০৩ টন ও তৃতীয়দিন ৪১৫৪.৪৫ বর্জ্য অপসারণ হয়েছে।
এই কাজে ১৬ হাজারের বেশি কর্মী নিয়োজিত ছিল। পাশাপাশি ৭৫২টি যানবাহন কাজ করেছে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
এএম/এআরএম




