সরকার নির্ধারিত ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ (রোববার)। এদিকে আজ সকালেই খুলেছে রাজধানীর অন্যতম ব্যস্ত কেনাকাটার জায়গা নিউমার্কেট। অধিকাংশ ব্যবসায়ী দোকান খুললেও বেচাকেনা নেই। ফলে ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন তারা।
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছে ঢাকায় বসবাসকারী লাখ লাখ মানুষ। শনিবার (৩০ মে) থেকে শুরু হয়েছে তাদের ফিরতি যাত্রা। দুই-তিন দিনের মধ্যেই চেনা রূপে ফিরবে রাজধানী। ধীরে ধীরে নিউমার্কেটের কেনাকাটাও জমে উঠবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন

রোববার (৩১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন, ধানমন্ডি হকার্স মার্কেট, চাঁদনী চক মার্কেট, নূর জাহান মার্কেট ও বইবিতানসহ বেশ কয়েকটি মার্কেটে দোকান খুলেছে। কিন্তু কোনোটাতেই ক্রেতাদের ন্যূনতম ভিড়ও নেই। কিছু দোকানে হাতেগোনা কয়েকজন ক্রেতা। অন্যরা অলস সময় পার করছেন।
এদিকে দোকান লাগিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরাও। তবে একই দশা তাদেরও। লোকজনের ভিড় নেই, ক্রেতা নেই।
পোশাক ব্যবসায়ী জিহাদ হোসাইন ঢাকা মেইলকে বলেন, ‘সকাল থেকে বসে আছি, ক্রেতা নেই। ঈদের আমেজ এখনো কাটেনি। কয়েকদিন পর থেকে হয়তো বেচাকেনা শুরু হতে পারে। এখন অলস বসে থাকতে হচ্ছে। ক্রেতার জন্য অপেক্ষা করছি।’
বিজ্ঞাপন

আরেক ব্যবসায়ী শরীফ মাহমুদ বলেন, ‘ঈদের আগে প্রচুর চাপ ছিল। ঈদের ছুটিতে তিন দিন দোকান বন্ধ রেখেছি। এখন আর বাসায় বসে থাকতে ইচ্ছা করছে না। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নতুন পণ্যের বিষয়ে চিন্তাভাবনা করছি। যখন ক্রেতা বাড়বে, তখন যাতে নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে পারি।’
নিউমার্কেটের নূর জাহান মার্কেটের ব্যবসায়ী সাঈদ আনোয়ার ঢাকা মেইলকে বলেন, ‘এই সময়ে বেচাকেনা হবে না, হলেও খুব কম। এটাই স্বাভাবিক। ঈদের ছুটি কাটিয়ে গ্রামের মানুষজন ঢাকায় ফিরলে আবার হয়তো বেচাকেনা জমে উঠবে।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিনের লম্বা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেই ছুটি শেষে ১ জুন (সোমবার) থেকে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক-বিমা এবং আদালত যথারীতি খুলবে। ঢাকাও ফিরে পাবে তার চিরাচরিত রূপ।
এসএইচ/এএইচ




