গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন দাবি করেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ ব্যাংক খাত থেকে প্রায় ছয় লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছে, যার প্রভাব এখনও দেশের অর্থনীতিতে রয়ে গেছে।
শনিবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পটির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজ করছেন। সরকারের বয়স মাত্র তিন মাস। আপনারা জানেন, ব্যাংকগুলোতে অর্থসংকট রয়েছে। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক খাত থেকে নিয়ে গেছে। এগুলো জনগণের টাকা। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আপনারা তাঁর জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন: জামায়াত নেতার সঙ্গে সাক্ষাতের ছবি ফেসবুকে শেয়ার করলেন মির্জা ফখরুল
মেডিকেল ক্যাম্পে বরুড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের জীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল জানান, ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদেরও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া সাত দিনব্যাপী সুন্নাতে খৎনা কর্মসূচি পরিচালিত হবে। তিনি বলেন, বরুড়া পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালু রাখা হবে।




