শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে দেশের হাল ধরেছেন।

শনিবার (৩০ মে) কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি অনুষ্ঠানের আয়োজন করে।


বিজ্ঞাপন


কৃষিমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ এবং জনগণমুখী রাজনীতি আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্বশীলতা, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন, একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও দায়িত্বশীল, সংযমী ও জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহযোগিতার জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার ও দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।

কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে চাই। একই সঙ্গে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করি।

সভায় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই দেশ-বিদেশে একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকিতে মাঠপর্যায়ে খোঁজখবর নিচ্ছেন এবং দায়িত্ব পালনে অবহেলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। জনগণের কল্যাণে নেতৃত্বের এ ধরনের সক্রিয়তা থেকে দলীয় নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত।

তিনি জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর