বর্তমান সরকারের প্রথম বাজেট জনবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগমুখী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, দেশে লাল ফিতার দৌরাত্ম্য দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। আগামী বাজেটে ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং অবহেলিত অঞ্চলে শিল্প উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দেশে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন শুরু করেছে। এর আওতায় বন্ধ শিল্প-কলকারখানা পুনরায় চালুর জন্য স্বল্প সুদে ঋণের সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, নারী উদ্যোক্তা, অতি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং অবহেলিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ সুবিধা দেওয়া হবে। সরকারের এসব পদক্ষেপ স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় রাজবাড়ীতে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি)-এর পূর্বনির্ধারিত পরিত্যক্ত জায়গাকে পূর্ণাঙ্গ শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
রাজবাড়ী জেলার অর্থনৈতিক সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, জেলার প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করা। পাশাপাশি শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জেলায় বিসিক শিল্প নগরীর প্লটগুলো অব্যবহৃত পড়ে থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কর্মসংস্থানের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। তাই বিসিকের প্লটগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে নতুন শিল্প-কারখানা স্থাপনে সরকার বিশেষ জোর দিচ্ছে।
সভায় সরকারের সামাজিক খাত সংস্কার পরিকল্পনার কথাও তুলে ধরেন ড. তিতুমীর। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে কর্মসংস্থানমুখী মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা খাতে আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা রাজবাড়ীর সার্বিক উন্নয়নে সরকারের উদ্যোগগুলোকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।




