শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এ নির্দেশনা দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রত্যাহারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


বিজ্ঞাপন


ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হন প্রধানমন্ত্রী। বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বলে জানিয়েছে প্রেস উইং।

আরও পড়ুন: বর্জ্য অপসারণে গাফিলতি দেখলেন প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত

প্রেস উইং সূত্রে জানা গেছে, কোরবানির বর্জ্য যথাযথভাবে অপসারণ হচ্ছে কি না এবং কোথাও পানি জমে ডেঙ্গুর ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করতেই এ পরিদর্শনে বের হন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগ, তালতলা মার্কেট ও বাসাবো এলাকা পরিদর্শন করেন। পরে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার ঘুরে দেখেন। এরপর আদালত সড়ক, নওয়াবপুর, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, জিগাতলা ও মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী পর্যন্ত পরিদর্শন কার্যক্রম চালান।


বিজ্ঞাপন


এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকার ঘটনায় দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মো. সাদেকুর রহমান এবং কাজী সালেহ মুস্তানজির। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর