শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

এবার চিড়িয়াখানায় ট্রাম্পের ভুল বানানের স্টিকার ভাইরাল!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

এবার চিড়িয়াখানায় ট্রাম্পের ভুল বানানের স্টিকার ভাইরাল!
ছবি: সংগৃহীত

কোরবানির হাটের তুমুল আলোচনার জন্ম দেওয়া গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিরাপদ আশ্রয় পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঠাঁই পাওয়া এই মহিষটির জায়গা হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। 

তবে এটিকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক অদ্ভুত ও হাস্যকর টাইপিং ভুলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ট্রোলের শিকার শুরু হয়েছে।


বিজ্ঞাপন


চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার পরপরই সবার চোখ আটকে যায় এর খাঁচার সামনের পরিচিতি ফলকে। 

ফেসবুকে ভেসে বেড়ানো স্টিকারে ইংরেজি নাম ‘Donald Trump’-এর বাংলায় লিখতে গিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ‘ট্র’ যুক্তাক্ষরের জায়গায় ‘ট্ট’ ব্যবহার করায় পুরো নামের অর্থই বদলে গেছে, যা নিয়ে এখন নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুলও। 

নেটিজেনদের অনেকেই রসাত্মক মন্তব্য করে লিখছেন, কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না! তবে রসিকতার পাশাপাশি সরকারি একটি প্রতিষ্ঠানের এমন চরম গাফিলতি নিয়ে ক্ষোভ ও সমালোচনাও প্রকাশ করেছেন অনেকে।


বিজ্ঞাপন


প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের ঢেউ খেলানো চুল এবং ভিন্নরকমের চোখের কারণে খামারিরা শখ করে মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

একপর্যায়ে মহিষটিকে নিয়ে দেশীয় গণমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়।

এদিকে ঈদুল আজহায় মহিষটি কোরবানির উদ্দেশ্যে বিক্রি করা হয়েছিল। তবে একে দেখতে মানুষের উপচে পড়া ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। 

পরবর্তীতে ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে গত ২৭ মে রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর