ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লক্ষ্যমাত্রা অনুযায়ী ঈদের প্রথম দিনের ‘প্রায় শতভাগ’ কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বাকি বর্জ্যগুলোও দ্রুত সময়ের মধ্যে অপসারণে সিটি করপোরেশন কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কোরবানি বর্জ্য অপসারণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
প্রশাসক আবদুস সালাম বলেন, ডিএসসিসির মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে ইতোমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ৪টি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি বর্জ্য সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঈদের প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ধরে কাজ শুরু কথা জানিয়েছিল ডিএসসিসি, এই কার্যক্রম উদ্বোধনকালে রাত ৯টার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আশা প্রকাশ করেছিলেন প্রশাসক।
সংবাদ সম্মেলনে আবদুস সালাম বলেন, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
চলমান কার্যক্রমের ধারা অনুযায়ী রাত ১২টার মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলেও জানান তিনি।
প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটসমূহের প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যেই অপসারণ সম্পন্ন হয়েছে।
এ সময় সফলভাবে বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান প্রশাসক। তিনি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা কামনাও করেন।
এএম/এফএ




