বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ফাঁকা ঢাকায় ঈদ উদযাপনের অন্যতম গন্তব্য জিয়া উদ্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

ফাঁকা ঢাকায় ঈদ উদযাপনের অন্যতম গন্তব্য জিয়া উদ্যান

ঈদের ছুটিতে চিরচেনা ভিড় নেই ঢাকায় তাই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসী ছুটছেন রাজধানীর জিয়া উদ্যানে। কেউ তুলছেন সেলফি, কেউবা আবার গল্প করছেন প্রিয়জনের সঙ্গে। উদ্যানের প্রাকৃতিক মনোরম পরিবেশ আনন্দ বাড়িয়ে দিয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে জিয়া উদ্যান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।


বিজ্ঞাপন


ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, ভিড় না থাকার কারণে শান্তভাবে হাঁটা যায়, চারপাশের পরিবেশ ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। সেইসঙ্গে পরিবার বা বন্ধুদের সঙ্গে নিরিবিলি সময় কাটানো যাচ্ছে।

স্ত্রী ও মেয়েকে নিয়ে জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় ঘুরতে এসেছেন সুলতান মাহমুদ। তিনি পেশায় শিক্ষক। তিনি এবার ঈদে গ্রামের বাড়ি লালমনিরহাটে যাননি। জানতে চাইলে সুলতান মাহমুদ বলেন, ‘ঈদে আমার ছুটি ছিল। কিন্তু স্ত্রীর ছুটি ছিল না, তাই ঢাকাতে কোরবানি দিয়েছি। সারাদিন বাসায় ছিলাম। ঈদের দিন, তাই স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে এলাম। আর মেয়েটা ঘুরতে পছন্দ করে, এজন্য তাড়াতাড়ি বের হওয়া।’

মোহাম্মদপুর থেকে জিয়া উদ্যানে ঘুরতে এসেছেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘রাজধানীর বুকে এমন সবুজে ঘেরা জায়গা দেখা যায় না। এই উদ্যানে প্রকৃতির স্বাদ নেওয়া যায়। ঈদে গ্রামের বাড়ি যাওয়া হয়নি। তাই পরিবারের সদস্যদের নিয়ে বেড়িয়েছি ঘুরতে। ছেলেটা এখানে এসে খুব খুশি। দৌড়াদৌড়ি, হই-হুল্লোড় করছে। বাসায় যেতে চাচ্ছে না। তার মনের খায়েশ মেটার পর বাসায় যাব।’

Jia-Uddan1


বিজ্ঞাপন


এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হওয়ায় অন্য সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও লক্ষণীয়। চন্দ্রিমা উদ্যানে বৈদ্য ভিক্টর বলেন, ‘ঈদের দিন হওয়ায় আজ আমার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামীকাল খোলা থাকবে আংশিক কর্মী দিয়ে। ছুটির দিনে আমরা কয়েকজন মিলে ঘুরতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘দূরে কোথাও ঘুরতে গেলে অনেক টাকা লাগে। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। অল্প টাকার মধ্যেই এখানে ঘোরাফেরা হয়ে যায়। তাই এখানে আসা।’

এদিন রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ছিল ফাঁকা। ফাঁকা সড়কে সহজেই চলাফেরা করতে পারছেন রাজধানীবাসী, ঘুরে বেড়াতে পারছেন বিভিন্ন বিনোদনকেন্দ্রে। ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে নেই আশানুরূপ ভিড়। অথচ বিভিন্ন দিবস-উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে বিনোদনকেন্দ্রগুলোতে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর