বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘বেঁচে গেল’ ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

M
নারায়ণগঞ্জের সেই মহিষ ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

এবারের ঈদুল আজহায় কোরবানি হচ্ছে না নারায়ণগঞ্জের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে এবারের মতো বেঁচে গেল তার প্রাণ। তাকে ফেরত পাঠানো হয়েছে খামারে। 

ডোনাল্ড ট্রাম্প নাম রাখায় আলোচনার কেন্দ্রে চলে এসেছিল অ্যালবিনো জাতের এই মহিষটি। চেহারা এবং চুলের ঢং অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় সেটির নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। 


বিজ্ঞাপন


আলোচনায় আসার পর দ্রুতই চড়া দামে বিক্রি হয়ে গিয়েছিল মহিষটি। কিনেছিলেন কেরাণীগঞ্জের এক ক্রেতা। তবে টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে মহিষটি ফিরিয়ে নিয়ে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জের খামারে।   

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ ক্রয় করে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে।’

জানা গেছে, মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প নিজেও নাকি সেটিকে নিয়ে একটি পোস্ট দেন। কিন্তু পরে জানা যায়, পোস্ট দেওয়ার খবর ভুয়া।

তবে শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, এবারের কোরবানির হাটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামেও একটি মহিষ আছে। এছাড়া বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে রয়েছে একটি গরুও। 

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর