রাজধানীর গাবতলী পশুর হাটে নেওয়ার সময় দেখা মিলল দেড় লাখ টাকার উপরে দাম হাঁকানো এক রাম ছাগলের। আগ্রহ নিয়ে অনেকে সেটির দাম জিজ্ঞেস করলেও কেনার মতো ক্রেতার খোঁজ মেলেনি।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পিকআপে করে গাবতলী হাটে নেওয়ার সময় ছাগলটি দেখা যায়।
বিজ্ঞাপন
বিশাল সাইজের রাম ছাগলটি উত্তরের জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি গ্রাম থেকে গাবতলীর হাটে আনা হয়েছে।
এদিন দুপুরের দিকে প্রথমে ছাগলটি দূরপাল্লার বাসের মালামাল বহনের জায়গায় ঢুকিয়ে আনা হয় শ্যামলীতে। এরপর সেখান থেকে আরও কয়েকটি দেশি ছাগলসহ নেওয়া হয় গাবতলীর হাটে।

ছাগলটির মালিক নিশাদ বলছিলেন, দাম চাচ্ছি ১ লাখ ৬০ হাজার টাকা। দেড় লাখের কম হলে দেব না। প্রয়োজনে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। তিনি আরও জানান, রাম ছাগলটির ওজন প্রায় ৭০ কেজির ওপরে। মাংস হবে দেড় মন।
বিজ্ঞাপন
ছাগলটি রংপুর থেকে ঢাকায় বিক্রির জন্য কেন আনা হয়েছে জানতে চাইলে নিশাদ বলেন, এ ছাগল রংপুরে বিক্রি অসম্ভব। কারণ এত দামে কেনার ক্রেতা নেই। তাই গ্রামবাসীর পরামর্শে সকালে মিঠাপুকুর উপজেলা শহরে এনে দূরপাল্লার বাসে তোলা হয় ছাগলটি। এরপর বিকেল চারটার পর পৌঁছেছেন ঢাকায়।
নিশাদের ধারণা, ছাগলটি তার চাওয়া দামের কাছাকাছি বিক্রি হবে। সেটি যখন পিকআপে করে গাবতলী হাটে নেওয়া হচ্ছিল, পথচারীরা আগ্রহ ভরে দেখছিল এবং দাম কেমন ও কোথায় নেওয়া হচ্ছে- এসব জিজ্ঞেস করছিল।
এমআইকে/এএইচ



