মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

তিন দিনের ব্যবসায়ী ওরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

S
রাজধানীতে কোরবানির পশুর জন্য ভ্যানে করে ঘাস বিক্রি করছেন এক যুবক। ছবি- ঢাকা মেইল

পবিত্র ঈদুল আজহা এলেই রাজধানীর চিত্র বদলে যায়। পশুর হাটের পাশাপাশি নগরের অলিগলি, ফুটপাত আর সড়কের পাশে গড়ে ওঠে অস্থায়ী গো-খাদ্যের বাজার। তিন থেকে চার দিন চলে এই ব্যবসা। 

বছরের অন্য সময় যাদের দেখা মেলে না, ঈদের এই কয়েকদিনের জন্য তারাই হয়ে ওঠেন মৌসুমি ব্যবসায়ী। কেউ ভ্যানে, কেউ ফুটপাতে, আবার কেউ ছোট ট্রাকের পাশে পসরা সাজিয়ে বিক্রি করছেন ঘাস, খড়, ভূসি, খৈল ও কাঁঠালপাতা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কমলাপুর, মুগদা, মালিবাগসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত চলছে এসব গো-খাদ্যের বেচাকেনা। পশু কিনে বাসায় নেওয়ার পর অনেকেই তাৎক্ষণিক খাবারের প্রয়োজন মেটাতে ভিড় করছেন এসব অস্থায়ী দোকানে।

মুগদা বিশ্বরোডে ভ্যানে করে ঘাস বিক্রি করছিলেন সিফাত। তিনি বলেন, বছরে এই সময়টাই একটু বেশি আয় হয়। তিন-চার দিনে খড় বিক্রি করে যা লাভ হয়, তা দিয়ে ঈদ কিছুটা ভালো কাটে।

2_n_copy

একইভাবে মান্ডা এলাকায় খড় ও ভূসি বিক্রি করা সোহাগ মিয়া জানান, ঈদের আগে চাহিদা অনেক বেড়ে যায়। অনেকেই গরু কিনে আগে খাবারের চিন্তা করেন। তাই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা থাকে।


বিজ্ঞাপন


বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী রাজধানীতে আনা হয়েছে। বিশেষ করে কাঁচা ঘাস, খড়, গমের ভূসি, খৈল ও কাঁঠালপাতার চাহিদা বেশি। ক্রেতাদের সুবিধার জন্য ছোট ছোট আঁটি ও কেজি হিসাবেও বিক্রি করা হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতি আঁটি কাঁচা ঘাস ২০ থেকে ৪০ টাকা, খড় ২০ থেকে ২৫ টাকা এবং কাঁঠালপাতার ছোট আঁটি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া গমের ভূসি, খেসারি ও কলাই ভূসির দামও বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

কমলাপুর হাটে গরু কিনতে আসা বেসরকারি চাকরিজীবী শাহাদাৎ হোসেন বলেন, ‘গরু কেনার পর খাবারও কিনতে হচ্ছে। কয়েকদিন বাসায় রাখতে হলে তো ঘাস-ভূসি লাগবেই। তাই একসঙ্গেই সব কিনে নিচ্ছি।’

ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে এই অস্থায়ী ব্যবসাই তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। বছরের অন্য সময় তারা কেউ দিনমজুর, কেউ কৃষিকাজ করেন। কোরবানির ঈদ সামনে এলেই কয়েক দিনের জন্য বদলে যায় তাদের পেশা ও ব্যস্ততা।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর