রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে জাহিন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম শফিউল হক। জাহিন পরিবারের সঙ্গে হাজারীবাগের ৩৮ বাড্ডা নগর লেনের বাসায় থাকতো।
সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহিন কলোনির জোন ‘এ’ এর পুকুরে তার বন্ধু মাহিরের সঙ্গে গোসলে নেমেছিল। পরে সে অসাবধানতাবশত ডুবে যায়। পরে সেই এলাকার সিকিউরিটি ইনচার্জ কুদ্দুস পুকুরে ডুব দিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, জাহিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআইকে/এফএ




