- ‘কিশোর গ্যাং’ পরিচালনার অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে
- গ্রুপে শিক্ষার্থী রয়েছে ১৫–২০ জন
- মামলার আসামি ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জন
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর নেতৃত্বে ‘কিশোর গ্যাং’ হামলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরাফাত নাসিম আকাশ নিজেকে ‘কিশোর গ্যাং লিডার’ পরিচয় দিয়ে স্কুলে একটি দল গড়ে তোলে। ওই দলে ১৫–২০ জন শিক্ষার্থী রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা নিয়মিত ছোট ও বড় শ্রেণির শিক্ষার্থীদের র্যাগিং ও মারধর করত।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযুক্ত শিক্ষার্থীর কাছ থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয় বলে দাবি পরিবারের।
সম্প্রতি ঈসা বিন জাহান জায়ান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে র্যাগিং করা হয়। পরে বিষয়টি তার পরিবারকে জানালে তারা লিখিতভাবে অধ্যক্ষের কাছে অভিযোগ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ২০ মে আকাশ ও তার সহযোগীরা ওই শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে এবং হত্যার হুমকি দেয়—এমন অভিযোগ করা হয়েছে।
আহত শিক্ষার্থীকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় রোববার (২৪ মে) ভুক্তভোগীর মা আয়েশা সিদ্দিকা মামলা করেন। মামলায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন জাহান, মুগদা শাখার শারীরিক শিক্ষা শিক্ষক মাহবুবুর রহমান এবং অভিযুক্ত শিক্ষার্থী আরাফাত নাসিম আকাশকে আসামি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রওনক জাহান তাকির আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন জাহান বলেন, বিষয়টি শুনেছি। এটি মুগদা শাখার ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
এআর




