ঝড়ের কবলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ সময়মতো অবতরণ করতে পারেনি কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট।
এর মধ্যে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ঢাকায় অবতরণের কথা থাকলেও কিছুক্ষণ আকাশে চক্কর দিয়ে চলে যায় কলকাতায়। অন্যদিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে গেছে চট্টগ্রামে।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ফ্লাইটগুলোর অবতরণের কথা ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, দুপুর ১২টার দিকে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থান করেও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশে চলে যায়।
একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের প্রস্তুতির শেষ পর্যায়ে গিয়ে ঢাকায় নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
বিজ্ঞাপন
এছাড়াও ঝড়ের কারণে কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়।
এআরএম




