সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

স্বস্তির ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

eid
মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানী ত্যাগ করা ঘরমুখো মানুষ। ছবি- ঢাকা মেইল

টানা তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা রাজধানীবাসী সোমবার দুপুরে পেয়েছে স্বস্তির বৃষ্টি। তবে সেই বৃষ্টি ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ও কোরবানির পশুর হাটে তৈরি করেছে নতুন ভোগান্তি। 

সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন সড়কে যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে পশুর হাটগুলোতে কাদা ও পানি জমে বিপাকে পড়েন ক্রেতা-বিক্রেতারা।


বিজ্ঞাপন


20

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল। সোমবার সকাল থেকেই আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। এর সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে কমে আসে তীব্র গরমের তাপমাত্রা।

30

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ আগে থেকেই বেশি থাকায় বৃষ্টির পর সেই ভোগান্তি আরও বেড়ে যায়। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও গাবতলী এলাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।


বিজ্ঞাপন


40

যাত্রাবাড়ীতে বরিশালগামী যাত্রী রাকিব ইসলাম বলেন, ‘গরমের মধ্যে বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছি। কিন্তু রাস্তায় পানি জমে যাওয়ায় গাড়ি খুব ধীরে চলছে। সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি।’

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টি হতে পারে। ফলে ঈদযাত্রা ও পশুর হাটে ভোগান্তি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর