রাজধানী ঢাকায় বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বইছে দমকা হাওয়া। বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঈদযাত্রীরা।
এসময় ঈদ উৎসব পালনে যেসব মানুষ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন, বৃষ্টির কারণে তাদের অনেককেই ব্যাগ-বোচকা নিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বৃষ্টির তীব্রতা এতই বেশি যে, দৌড়ে গিয়ে রাজধানীতে চলাচলকারী লোকাল বাসে উঠে রেলস্টেশন বা পরিবহন বাস কাউন্টারে যাবেন, সেই সুযোগও নেই।
বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) সকালের দিকে আবহাওয়া মোটামুটি সন্তোষজনক থাকায় ঈদযাত্রী এবং অফিসগামী লোকজন অনেকেই ছাতা ছাড়াই বাসা থেকে বেরিয়ে পড়েছেন। সে কারণে হঠাৎই কালো মেঘ এবং তারপর মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
এই বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে। কোথাও কোথাও তাই মাঝারি, আবার কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে ট্রাফিক পুলিশের সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে বৃষ্টির সঙ্গে যানজটও ভোগাচ্ছে গণপরিবহনের যাত্রীদের।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে চলতি মে মাসে কয়েক দফা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতেও একই চিত্র দেখা যাচ্ছে। ঘন ঘন এ জলাবদ্ধতায় ভোগান্তি চরমে উঠেছে বলে জানিয়েছেন নগরবাসীর অনেকেই।
এম/এএইচ




