ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে সেখান থেকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বদলি করা হয়৷
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
৫ আগস্টের পর হাসিনা সরকার পতনের পর ঢাকার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদদের গ্রেফতার করে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি মনোবল হারানো ডিবিকে চাঙা করে তোলেন। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও নির্বাচন বানচালের নানা আশঙ্কার মধ্যেও মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন নাসিরুল ইসলাম।
ডিবির দায়িত্ব পালনকালে নাসিরুল ইসলাম ও তাঁর টিম ঢাকায় সংঘটিত বহু ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেন। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, অপহরণসহ বিভিন্ন জটিল মামলার তদন্তে তাঁর নেতৃত্বাধীন টিমের সাফল্য আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও প্রশংসিত হয়।
হঠাৎ এমন একজন অভিজ্ঞ কর্মকর্তার বদলিতে ডিবির চলমান অপারেশনাল কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
ডিবির এই কর্মকর্তা জামায়াত আমিরের কথিত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত সন্দেহে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সরোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে গ্রেফতারের পর সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে তাঁকে প্রশাসনে চাপের মুখে পড়তে হয়েছিল বলেও জানা যায়৷
এমআইকে




