রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

মহাসড়কের পাশে গরুর হাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না: সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

S
কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভায় সেতুমন্ত্রী

মহাসড়কের পাশে গরুর হাট বা বাজার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘সড়কের মেরামত প্রয়োজন হলে তা নিয়মিতই করা হচ্ছে এবং এটি চলমান থাকবে।’

রোববার (২৪ মে) বিকেলে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।


বিজ্ঞাপন


ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমার বিশ্বাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকরা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে নিয়ম মেনে যদি গাড়ি চলে, আর পুলিশ যদি পরিবহনগুলোকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করেন, তাহলে জাতিকে আমরা একটি নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব।’

মন্ত্রী আরও বলেন, ‘রাস্তায় যদি চালকরা শৃঙ্খলা মানেন, ট্রাফিক আইন মানেন এবং যার যে দায়িত্ব সেটা মানেন, তাহলে আমার বিশ্বাস- এবার ঈদুল আজহা একটি নিরাপদ ঈদযাত্রা হবে।’

উপস্থিত কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিকসহ সকলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের দায়িত্ব আমাদের উপর আছে, আপনারা আমাদের নির্বাচিত করেছেন এবং রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন। শ্রমিক নেতা হুমায়ুন কবির খান ও সাইফুল ইসলাম আপনাদের দাবিগুলো নিয়ে আমাদের কাছে নিয়মিত কথা বলেন। সেগুলো আমলে নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজছি। অচিরেই তা বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘কিন্তু আমি আপনাদের উপর যে দায়িত্ব দিতে এসেছি, সেটা পালন করে দেখাতে হবে। ঈদে বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ এ অঞ্চলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাচ্ছে, কোনো যানজট নেই, কোনো দুর্ঘটনা নেই, বিশৃঙ্খলা নেই, শত শত বাস রাস্তার উপর দাঁড়িয়ে নেই- এটা নিশ্চিত করতে হবে। আপনারা দায়িত্ব নিশ্চিত করবেন, আর আমি ও আমার প্রতিমন্ত্রী আপনাদের দাবি পূরণ নিশ্চিত করব। আপনাদের কাছে আমাদের দাবি হলো- ঈদযাত্রা নির্বিঘ্ন করবেন। বাকি দায়িত্ব আমাদের।’


বিজ্ঞাপন


গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিআরটি চেয়ারম্যান হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।  

আরও বক্তব্য দেন- গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান।

এছাড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, খান গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, সড়ক পরিবহন ও সেতু সচিব মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা রক্ষায় ঈদে ৭০টি মোবাইল কোর্ট এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে। তিনি ঘরমুখো মানুষকে ও পরিবহন চালকদের সড়কের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানান। 

তিনি যানজট নিরসনে রাস্তার উপর ছোট ছোট বাস কাউন্টারগুলো তিন দিনের জন্য সরিয়ে নেওয়ার এবং রাস্তার উপর বাস রেখে যাত্রী না উঠানোর অনুরোধ জানান। 

শুভেচ্ছা বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানান, ঈদে ঘরমুখো শ্রমিকদের পরিবহনের জন্য বিআরটিসির ৫৮১টি রিজার্ভ বাস চলাচল করবে। রিজার্ভ বাসের বাইরে আরও ৫৮টি বাস গাজীপুরের বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাবে। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর