রাজধানীর মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা পাঠাতে গিয়ে জিসান আলম নামে এক যুবক আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম ও ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
শনিবার (২৩ মে) রাতে মিরপুরের ৬০ ফিট সড়কের বারেক মোল্লা মোড় এলাকার একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মিরপুরের ৬০ ফিট সড়কের বারেক মোল্লা মোড় এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর দুটি কার্টন বক্স থেকে বিভিন্ন মূল্যমানের মোট ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি পলাতক তৌফিক ইসলাম অর্ণব নামে আরেক সহযোগীকে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল নোট অন্যত্র পাঠাতে এসেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অর্ণব পালিয়ে যান।
একেএস/এএইচ




