কোরবানির ঈদকে সামনে রেখে সিলেট থেকে তিনটি গরু কিনে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধনাশী এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পথরোধ করে গরুগুলো ছিনিয়ে নেয়। পরে রাজধানীর বংশাল এলাকার একটি মাংসের দোকান থেকে গরুগুলো উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাজধানীর বংশালের আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে বংশাল থানা–পুলিশ।
বিজ্ঞাপন
বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পরদিন রাত ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে গরুগুলো ছিনিয়ে নেয়।
ঘটনার পর নবীনগর থানায় একটি অভিযোগ করা হয়। পরে শনিবার রাজধানীর বংশালের আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে বংশাল থানা–পুলিশের একটি দল।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার করা হয়েছে। গরুগুলো সিলেট থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীরা সেগুলো ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা তিনটি গরু মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
একেএস/এআর




