রাজধানীর গুলিস্তান এলাকায় সড়কের মধ্যেই ধস্তিধস্তি ও হাতাহাতিতে জড়ানো ট্রাফিক পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।
শনিবার (২৩ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক এ তথ্য জানিয়েছেন।
বরখাস্তকৃত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
ডিসি মইনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজন ট্রাফিক সদস্য পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালীন অবস্থায় একদিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং পরে সড়কে পড়ে দুইজনের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
একেএস/এএইচ




