সরকারি চাকরিতে পদায়ন ও বদলির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)। নিলুফা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তা।
শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
অতিরিক্ত কমিশনার জানান, গত বুধবার (২০ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ডিএমপি কমিশনার ডিবিকে বিষয়টি অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়, এক ব্যক্তি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতি পাইয়ে দেওয়ার কথা বলে সংশ্লিষ্টদের ফোন করে আসছিলেন। ওই ব্যক্তি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদায়নের বিষয়ে অবৈধভাবে আর্থিক লেনদেনের জন্য যোগাযোগ করেছেন বলে গোপন তথ্যে জানা যায়। এছাড়াও ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে দাবি করেন যে, মন্ত্রণালয়ের অধীনে যেকোনো কাজ করার সক্ষমতা তার রয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের ভিত্তিতে বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান পরিচালনা করে মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, গ্রেফতার শান্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার হোয়াটসঅ্যাপ মেসেজ বিশ্লেষণ করে ওই চক্রের আরেকজন সদস্যের তথ্য পাওয়া যায়। পরে অভিযান পরিচালনা করে চক্রের সঙ্গে জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অধিশাখা-২ এর ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করা হয়েছে এবং বর্তমানে মামলার তদন্ত চলছে।
বিজ্ঞাপন
এমআইকে/ক.ম




