চালকদের থেকে কৌশলে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি ও ছিনতাই করে নেওয়া ১১টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে ধানমন্ডি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক এ তথ্য জানান।
গ্রেফতাররা হলো- মো. কামাল ওরফে কমল চন্দ্র, মো. শাহিন মিয়া ও মো. রুবেল।
জিসানুল হক বলেন, ধানমন্ডি থানায় অটোরিকশা চুরি ও ছিনতাইয়ের বেশ কয়েকটি অভিযোগ এসেছে। এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে ধানমন্ডি থানা পুলিশ। তদন্তে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। বিশেষ করে ধানমন্ডি, তেজগাঁও, বেগুনবাড়ী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তারা অভিনব কৌশলে অটোরিকশা চালকদের চিহ্নিত করত। এরপর যাত্রী সেজে সখ্যতা গড়ে তুলতো। আবার কখনো প্রলোভন দেখিয়ে, কখনো অজ্ঞান করে চালকদের কাছ থেকে অটোরিকশা হাতিয়ে নিতো।
পুলিশের এই কর্মকর্তা জানান, এই চক্রের সদস্যরা প্রথমে যাত্রীবেশে রিকশায় উঠত। এরপর কখনো টাইলসের দোকান, সিগারেটের দোকান বা অন্য কোনো অজুহাতে চালককে রিকশা থেকে দূরে পাঠাত। চালক দোকানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চক্রের অন্য সদস্যরা দ্রুত রিকশা নিয়ে পালিয়ে যেত। এছাড়াও, অনেক সময় চক্রের সদস্যরা পান, চকলেট বা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চালককে অজ্ঞান করে দিত। আবার গভীর রাতে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন কিংবা নাকের কাছে রুমালে মাখানো অজ্ঞান করার মতো রাসায়নিক ব্যবহার করেও রিকশা ছিনিয়ে নিতো।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। চুরি হওয়া রিকশাগুলো কোথায় বিক্রি করা হতো, এর পেছনে কোনো বড় সিন্ডিকেট বা মদদদাতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
একেএস/ক.ম




