রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার দ্রুত বিচার এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে গুলশান সোসাইটির সদস্যরা।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ মে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ড একটি নৃশংস, হৃদয়বিদারক ও মানবতাবিরোধী ঘটনা। মাত্র আট বছরের একটি নিষ্পাপ শিশুর জীবন এভাবে শেষ হয়ে যাওয়া পুরো সমাজের জন্য কলঙ্কজনক। তারা বলেন, এমন ঘটনায় দেশের মানুষ গভীরভাবে শোকাহত এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে হবে। তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং তাদের জীবন ও মর্যাদার নিরাপত্তা থাকে— এটাই সবার প্রত্যাশা। কিন্তু সাম্প্রতিক এ ঘটনা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। তাই ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, একটি নাবালক শিশুকে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন। আমরা দীর্ঘ বিচারপ্রক্রিয়া চাই না। দ্রুত সুষ্ঠু বিচার এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ।
এফএ




