রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় মো. রাফিকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থেকে নয়টি গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন, শাহাবুদ্দিন ও রেজাউল।
বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এনএম নাসিরুদ্দিন বলেন, রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মো. রাফিকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। এছাড়া ইমনের দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন লোক কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় রাফির পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে সকাল সাড়ে ৯টায় রাফির মৃত্যু হয়।
ডিএমপি জানায়, রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ জোর অভিযান শুরু করে। সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান করে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মো. ইমনের অবস্থান সনাক্ত করে। পরে বুধবার (২০ মে) কক্সবাজার সদরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনকে গ্রেফতার করা হয়। ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে পিস্তলের নয়টি গুলি উদ্ধার করা হয়।
একেএস/ক.ম




