বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

হাজারীবাগ হাটে উঠেছে কোরবানির পশু, ক্রেতার অপেক্ষায় বেপারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

হাজারীবাগ হাটে উঠেছে কোরবানির পশু, বিক্রির আশায় বেপারীরা

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে। ব্যতিক্রম ঘটেনি হাজারীবাগ পশুর হাটের ক্ষেত্রেও। তবে হাট এখনো পুরোদমে শুরু না হওয়ায় বিক্রির আশায় অপেক্ষা করছেন এ হাটের বেপারীরা।

বৃহস্পতিবার (২১ মে) হাজারীবাগ কোরবানির পশুর হাটে সরেজমিনে দেখা যায়, বেপারীরা অলস সময় পার করছেন। কেউ বসে আছেন, কেউবা শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আবার কেউ নিজের গরুকে খাবার খাওয়াচ্ছেন। তবে ক্রেতাশূন্য হলেও কোরবানির পশু দেখতে ও দাম শুনতে অনেকেই আসছেন।


বিজ্ঞাপন


ঝিনাইদহ থেকে ১৫টি গরু নিয়ে হাজারীবাগ হাটে আগেভাগেই চলে এসেছেন মুনির হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, হাজারীবাগ গরুর হাট বেশির ভাগ জায়গায় রাস্তার ওপর। শেষদিকে আসলে মাঠে জায়গা পাওয়া যায় না। এজন্য আগেভাগে এসেছি, যাতে ভালো জায়গা পাই।

গরুর দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ১৫টি গরুর মধ্যে সবচেয়ে বেশি দামের গরুটি ২ লাখ ৫০ হাজার টাকার। আর বেশির ভাগ গরুর দাম ৭০ হাজার থেকে ১ লাখ ২০-২৫ হাজার টাকার মধ্যে।

কুষ্টিয়া থেকে ২৫টি গরু নিয়ে এসেছেন আশাদুল ইসলাম। তিনি ঢাকা মেইলকে বলেন, আমি ২৫টি গরু নিয়ে এসেছি। আমার এখানে সর্বনিম্ন ১ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ টাকার ওপরে দামের গরু রয়েছে। আগামী ২৪ মে থেকে হাট পুরোদমে চলবে। ক্রেতাদের ভিড়ও বাড়বে। আশা করছি সব গরু ভালোভাবে বিক্রি করে এখান থেকে যেতে পারব।

Cow2


বিজ্ঞাপন


হাজারীবাগের স্থায়ী বাসিন্দা আব্দুল মতিন। বয়স ৬০ এর বেশি। তিনি তার ৭ বছরের নাতিকে গরু দেখাতে এসেছেন এ হাটে। তিনি বলেন, এখনো কেনার সময় হয়নি। নাতি জিদ ধরেছিল গরু দেখবে, তাই এসেছি। দাম শুনছি। ঈদের একদিন আগে গরু কিনব। কারণ দীর্ঘদিন ধরে গরু রাখার জায়গা নেই।

হাজারীবাগ হাটের ইজারাদারের প্রতিনিধি মোহাম্মদ আলী ঢাকা মেইলকে বলেন, হাটের নিরাপত্তা নিশ্চিতে আজ থেকে পুলিশ-র‍্যাব ইতোমধ্যে টহল দেওয়া শুরু করেছে। বেপারী, গরু ও ক্রেতার নিরাপত্তার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিটি করপোরেশন দিনে চারবার করে ময়লা-আবর্জনা সংগ্রহ করছে। এ ছাড়া সড়কের যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আমাদের ২ হাজার স্বেচ্ছাসেবক হাটে দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, গতবার এ হাট থেকে ৯ হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছিল। এবার আমরা আরো বেশি বিক্রির আশা করছি।


এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর