বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

কালশীতে পুলিশের বিরুদ্ধে ২ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:৫৬ এএম

শেয়ার করুন:

কালশীতে ২ সাংবাদিকের ওপর পুলিশের হামলার অভিযোগ
হামলার অভিযোগ তোলা দুই সাংবাদিক নেহাল আহমেদ প্রান্ত ও তাসবির ইকবাল

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর উপস্থিত পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২০ মে) বিকেল পাঁচটার দিকে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের সময় ফেসবুক লাইভ চলাকালে পুলিশ হামলা চালায় বলে জানান দুই সাংবাদিক।


বিজ্ঞাপন


তারা হলেন— বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল। 

সাংবাদিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়া আকস্মিক উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে প্রশ্ন করায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা শুরু হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রশাসনের উচ্ছেদকারী দল ও পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ বাধে।

ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, এই বিশৃঙ্খল পরিস্থিতির খবর সংগ্রহ ও ফেসবুক লাইভ করার সময় কোনো পূর্ব নোটিশ ছাড়া এভাবে আকস্মিক উচ্ছেদ অভিযান কেন চালানো হচ্ছে— তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্ন করেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা প্রান্তের ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকেন।


বিজ্ঞাপন


এসময় ফেসবুক লাইভ সচল রেখেই প্রান্তের সাহায্যে এগিয়ে যান বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল। পুলিশ সদস্যরা তার ওপরও একযোগে হামলা চালায়। দুই সাংবাদিককে ব্যাপক মারধর করা হয় এবং তাদের ফোন ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই দায়িত্বরত সাংবাদিকদের ওপর পুলিশের এমন হামলায় হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ঘটনা জানার পর অনেক সাংবাদিক ইতোমধ্যে সামাজিকমাধ্যমে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর