পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ম্যানেফেস্টো টু অ্যাকশন: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ নির্বাচনি ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন বিষয়ক বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
বিজ্ঞাপন
পানিসম্পদ মন্ত্রী বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করছে সরকার।
তিনি আরো বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সঙ্গে খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, মেধাবীরা ছাত্র রাজনীতিতে আসলে যোগ্য নেতৃত্ব ও দেশের সুফল বয়ে আনতে পারবে। জাতীয় কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন।
তিনি আরো বলেন, ইতোমধ্যো পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে।
তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে দ্রুত প্রকল্প অনুমোদনের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
ডায়ালগে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন সরকার প্রমুখ।
বিইউ/এফএ




