দুই দশকেরও বেশি সময় ধরে সপ্তাহে দুই দিন, শুক্র এবং শনিবার ছুটি ভোগ করেন সরকারি চাকরীজীবীরা। ব্যাংকসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও একই নিয়ম চালু আছে। তবে আগামী শনিবার (২৩ মে) অফিস করতে হবে সরকারি-বেসরকারি সেসব চাকুরেদের।
কারণ হিসেবে জানা গেছে, আসন্ন ঈদুল আজহার সাত দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে অর্থাৎ শনিবার সরকারি সব প্রতিষ্ঠান চালু থাকবে। একই কারণে পরদিন রোববারও অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঈদুল আজহার লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি
গত বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদুল আজহার ছুটির বিষয়ে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আরও বলা হয়, ঈদের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। শনিবারের এই ছুটিটা ঈদের ছুটির সঙ্গে যুক্ত হয়ে মোট সাত দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
বিজ্ঞাপন
তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন: ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা
এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
এর আগে গত ৭ মে রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহায় সাত দিন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই ছুটি।
সে সময়ও জানানো হয়, ঈদের এই সাত দিন ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে এবং ২৪ অর্থাৎ শনি এবং রোববার সরকারি অফিস খোলা থাকবে। ঈদের আনন্দকে আরও স্বাচ্ছন্দ্যময় করতেই টানা ৭ দিনের ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ এই ছুটির ফলে ঘরমুখো মানুষের ভিড় যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তেমনি কর্মজীবীরাও পরিবার-পরিজনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন, যা ঈদুল আজহা উদযাপনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
এএইচ




