আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৭ মে) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এক সময়ের তুখোড় ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার। গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লিভার–সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। গুরুতর অবস্থায় প্রথমে তাকে দেশের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। সেখান থেকে গত সোমবার নেওয়া হয়েছিল ভারতে।
জানা যায়, চেন্নাইয়ের ওই হাসপাতালে কারিনার ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎই তার প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
এদিকে আজ (রোববার) দুপুরে চেন্নাই থেকে কারিনার মরদেহ বিনা খরচে দেশে এনেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা। জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানাবাড়িতে তার দাফন হওয়ার কথা।
এএইচ




