বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ জানালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে প্রকৃত গরিবদের বঞ্চিত করেছেন কিছু আমলা। তারা অন্যায় করেছেন।’
বিজ্ঞাপন
রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে এই অভিযোগ জানান ডেপুটি স্পিকার।
কায়সার কামালের আরও অভিযোগ, ‘স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ ব্যবস্থার মাধ্যমে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে।’
তিনি বলেন, ‘হাওড় অঞ্চলের ক্ষয়ক্ষতি সরকারি তালিকায় থাকা প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি তথ্য দেখানো হয়েছে। সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বিজ্ঞাপন
এসময় হাওড় এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত ও সমাধানে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানান ডেপুটি স্পিকার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- মো. আনোয়ারুল হক, সাংবাদিক, গবেষক, লেখক, সুধীজন ও হাওরাঞ্চল সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। তারা হাওড় অঞ্চলের কৃষক ও চাষিদের দুঃখ-দুর্দশা, অবহেলা এবং উন্নয়ন সংকট নিয়ে আলোচনা করেন।
এর আগে শনিবার (১৬ মে) নেত্রকোণায় নিজ আসনে প্রথম ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সেখানেও তিনি অভিযোগ করেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রথমে হতদরিদ্র, এরপর অতিদরিদ্র এবং পরে দরিদ্রদের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে অনেক প্রকৃত অসহায় মানুষ তালিকার বাইরে রয়ে গেছেন।’
ডেপুটি স্পিকার মনে করিয়ে দেন, শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। তার হুঁশিয়ারি, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। আমি দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।’
এম/এএইচ




