রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

অজ্ঞান পার্টির মূলহোতা আটক, ৫৫টি মোবাইল উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

অজ্ঞান পার্টির মূলহোতা আটক, ৫৫টি মোবাইল উদ্ধার
বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা তাজুল ইসলাম আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাজুল ইসলাম (৪৮) নামে অজ্ঞান পার্টির এক মূলহোতাকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৭ মে) তাকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


এপিবিএন জানায়, ভুক্তভোগী আরাফাত হোসেন (১৮) নামে একজন যুবক তার খালাতো ভাইকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিদায় পর্ব শেষে ডিপার্চার এলাকায় অবস্থানকালে ভুক্তভোগী আরাফাত হোসেন সরল বিশ্বাসে আসামি মো. তাজুল ইসলাম (৪৮) দেওয়া কফি পান করেন এবং পরবর্তীতে অজ্ঞান হয়ে পড়েন।

প্রাথমিকভাবে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়াও তার ব্যাগ থেকে প্রায় ১৫ পিস চেতনানাশক ট্যাবলেট পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানিয়েছেন, তারা বাস বা রেলস্টেশনে গিয়ে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরবর্তীতে চা, কফি বা সফট ড্রিংকের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করে মালামাল হাতিয়ে নেন। নিজেদের সন্দেহমুক্ত রাখতে মাঝে মাঝে শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ ব্যক্তির অভিনয়ও করি, যাতে ভুক্তভোগী সন্দেহ না করেন।

তার দেওয়া তথ্যমতে, তিনি আরও ৪/৫ জন ব্যক্তির সমন্বয়ে (অজ্ঞাতনামা আসামি) একটি অজ্ঞান পার্টির গ্যাং গড়ে তুলেছেন এবং চুরিকৃত মালামাল মিরপুরের দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে সংরক্ষণ করে রাখতেন। 

এই তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে একটি চৌকস দল দারুসসালাম এলাকার হোটেল রয়েলে অভিযান পরিচালনা করে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি বিভিন্ন মডেলের এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, ৪ পিস চেতনানাশক ট্যাবলেট, ২টি চেতনানাশক পুরিয়া, নগদ বাংলাদেশি ২ লাখ ২৩ হাজার টাকা, সৌদি আরবের ৫৩.৫০ রিয়াল, তুরস্কের ১ লিরা এবং বিভিন্ন মালামাল উদ্ধার করে।

অজ্ঞান পার্টির মূলহোতা তাজুল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগী আরাফাত হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি প্রতিরোধ, চোরাচালান রোধ এবং অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। 

এ ধরনের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর