মোটরসাইকেলের ওপর সম্ভাব্য অগ্রিম আয়কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বাইকাররা।
শনিবার (১৭ মে) দুপুরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেল চালকরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০ মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়। প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বাইকারদের পক্ষে এ কে এম ইমন বলেন, আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের আয়করের আওতায় এনে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনার খবর গণমাধ্যমে দেখেছি। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়, বরং এটি অনেক মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় বাহন। মোটরসাইকেল কেনার সময়ই ক্রেতাদের বিভিন্ন ধরনের শুল্ক ও কর পরিশোধ করতে হয়। এর ওপর নতুন করে বার্ষিক কর আরোপ করা হলে সাধারণ ব্যবহারকারীরা আরো ভোগান্তিতে পড়বেন।
বক্তারা বলেন, দেশের অনেক মানুষ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। তাই মোটরসাইকেলের ওপর নতুন অগ্রিম কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
বিজ্ঞাপন
এ সময় বাইকাররা জানান, বিষয়টি নিয়ে তারা এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেবেন।
মানববন্ধনের কারণে সড়কের এক পাশে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
এমআর/এফএ




