ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানালেন, আগামী জাতীয় বাজেটে এই কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে এ সুখবর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেই কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে। সেই বিশ্বাসের মূল্যায়ন করবে সরকার।’
বিজ্ঞাপন
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ, দেশের যেসব কাজ রয়েছে, বিএনপি সবগুলো পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।’
এসময় কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
এএইচ




