শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

আমার মেয়ের ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, কায়সার হামিদের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

আমার মেয়ের ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, কায়সার হামিদের আবেগঘন পোস্ট
মেয়ের কারিনার সঙ্গে কায়সার হামিদ।

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের পরিবার ও শোবিজ অঙ্গনে।

শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কারিনা কায়সার। মেয়ের মৃত্যু সংবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন কায়সার হামিদ। সেখানে সন্তানের অকাল মৃত্যুতে দোয়া ও ক্ষমা চেয়ে নেন সবার কাছে।


বিজ্ঞাপন


রাত দেড়টার দিকে মেয়ের সঙ্গে একটি হাসিমাখা ছবি পোস্ট করে কায়সার হামিদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

স্ট্যাটাসে তিনি আরো লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।’

লিভার–সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সিএমসি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।


বিজ্ঞাপন


কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন কারিনা কায়সার হামিদ। সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

কারিনা কায়সারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর