শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

চকবাজারে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১১:৩৫ পিএম

শেয়ার করুন:

চকবাজারে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

‎রাজধানীর চকবাজার এলাকায় চুরি অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

‎শুক্রবার (১৫ মে) দুপুর দেড়টায় চকবাজার কামালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহত যুবকের নাম— ইউসুফ। তিনি পেশায় একজন সুইপার, কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ ১ নম্বর গলির হায়দার মিয়ার বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সেখানে বসবাস করতেন।

‎নিহতের মা ময়না বেগম জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন ব্যক্তি ইউসুফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চকবাজারের কামালবাগে ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের নিজ বাড়ির ভেতরে থাকা একটি পলিথিনের গোডাউনে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি সংঘবদ্ধ দল চুরির অভিযোগ তুলে তার হাত-পা বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এ নির্যাতনের এক পর্যায়ে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়।

‎পরিবারের সদস্যরা আরও জানান, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির পরিবারের সদস্যদের জানান, তিনি বিষয়টি বিচার করে দেবেন এবং মামলা না করার পরামর্শ দেন। এরপর মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, আমার স্বামীকে সকালে একটি পলিথিনের গোডাউনে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর একটি সংঘবদ্ধ চক্র চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার স্বামী যদি সত্যিই কোনো অপরাধ করেও থাকে, তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বা আমাদের পরিবারকে জানানো উচিত ছিল। এভাবে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি আমার স্বামীর হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

‎এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কামালবাগ এলাকায় চুরির অভিযোগে ইউসুফ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়নি। তবে পরিবার মামলা করলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎একেএস/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর