দাখিল পরীক্ষার্থীদের নামে অর্থ তুলে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাদ্রাসার সাবেক ছাত্র ও প্রতিষ্ঠানটির ছাত্রদল সভাপতি মাসুদ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনা রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদরাসার।
এ ঘটনার প্রতিবাদ করায় একই মাদরাসার শারফুল ইসলাম নামে এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার ভোরে পূর্ব তেজকুনিপাড়ার ১ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থানায় অভিযোগ হলেও মাসুদকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ছাত্রদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তবে মাসুদকে মাদরাসায় অবাঞ্চিত ঘোষণা করে নোটিশ সাটিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। এই মাসুদ আগে ছাত্রলীগ করতো। এখন সে ছাত্রদল করছে।
আহত শারফুল মাদরাসার কামেল প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর মাদরাসায় মাসুদকে অবাঞ্চিত ঘোষণা ও তাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শারফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, মাসুদ ছাত্রদের নামে টাকা তুলে খেয়েছে। বিষয়টি মাদ্রাসার সব ছাত্র জানে। কিন্তু সে ভেবেছে আমি বিষয়টি তাদেরকে বলছি। এ কারণে আমাকে আজ ভোরে কল করে ডেকে নেয়। পরে আমাকে চাকু দিয়ে ঘাড়ে ছুরিকাঘাত করে এবং রেললাইনের পাশে থাকা টাইলসের টুকরো দিয়ে মাথায় ও কপালের পাশে আঘাত করে। এতে ঘাড় কেটে যায়। আমি রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দৌড়ে রক্ষা পাই। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। থানা থেকে পুলিশ এসেছিল তারা মাদরাসার সবার সঙ্গে কথা বলে বিষয়টির প্রমাণও পেয়েছে।
মাদরাসার ছাত্ররা জানিয়েছে, মাসুদের ছাত্রত্ব দুই বছর আগেই শেষ হয়েছে। কিন্তু এরপরও সে ছাত্রদলের সভাপতি হয়েছে। আগে ছাত্রলীগ করতো। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মোস্তফা কামাল ঢাকা মেইলকে বলেন, মাসুদ বহিরাগত ছাত্র। ফলে তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে থানা থেকে পুলিশ এসেছিল। তাদের বলেছি আপনারা ঘটনার সত্যতা পেলে যে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল সভাপতি মাসুদ আহমেদ বলেন, সারফুল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। গতকালও আমার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের নামে টাকা তুলেছি এমন অভিযোগ তুলে হোস্টেলে লিফলেট বিতরণ করেছে। এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য ডেকেছিলাম। এক পর্যায়ে টাইলসের টুকরো দিয়ে তাকে আঘাত করেছি। এটা আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি। তবে মাদরাসা কর্তৃপক্ষ আমাকে যে অবাঞ্চিত ঘোষণা করেছে সেটা আমি জানিনা। আমার কোনো অপরাধ থাকলে অবশ্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিজ্ঞাপন
আহত শারফুলের বন্ধু মাহফুজ বলেন, লিফলেটগুলো কে বিতরণ করছে আমরা জানি না। কিন্তু মাসুদ সন্দেহবশত শারফুলকে ডেকে নিয়ে মারধর করেছে, যা আমরা পরে শুনেছি।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন মোল্লা বলেন, ‘বিষয়টি নিয়ে দুই পক্ষ এসেছে। থানায় কথা বলছি। এ বিষয়ে পরে কথা বলতে পারব।’
এমআইকে/ক.ম




