নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছে। তার নাম মুন্না। ১২ বছর বয়সী মুন্নাকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
তার আগে মুন্নার বোন কথা (৪) এবং গত সোমবার বাবা মীর কালাম (৩৫) মারা যান। বর্তমানে মুন্নার মা সায়মা ও বোন মুন্নি হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মুন্নার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রামবাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. মীর কালাম, স্ত্রী সায়মা এবং তাদের ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়া গ্রামে।
এমআর




