বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

গুলশান সেন্ট্রাল পার্ক সবার জন্য উন্মুক্ত রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

গুলশান সেন্ট্রাল পার্ক সবার জন্য উন্মুক্ত রাখার দাবি

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের নাম পুনর্বহাল এবং পার্কটি সব নাগরিকের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে ‘মাঠ, পার্ক ও জলাধার দখলমুক্ত আন্দোলন’। সংগঠনটি বলছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আইন ও নাগরিক অধিকার উপেক্ষা করে পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (১৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই পার্ক হস্তান্তরের ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে। বলা হয়, রাজউকের এ সিদ্ধান্ত হাইকোর্টের নির্দেশনা, মাঠ-পার্ক-জলাধার আইন, ২০০০ এবং নাগরিক অধিকারের পরিপন্থি।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কের নাম পরিবর্তন করে ‘গুলশান সেন্ট্রাল পার্ক ও ক্রীড়া কমপ্লেক্স’ করা হয়েছে। পাশাপাশি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব এমন একটি ক্লাবকে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে অবৈধ দখলের অভিযোগ উঠেছিল।

সংগঠনটির অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর গুলশান ইয়ুথ ক্লাব মাঠের অনুমোদিত মাস্টারপ্ল্যান অমান্য করে নতুন স্থাপনা নির্মাণ শুরু করেছে। একইসঙ্গে মাঠে খেলাধুলার জন্য অর্থ আদায়ের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ শিশু-কিশোর ও নাগরিকদের অবাধ প্রবেশ সীমিত হয়ে পড়েছে।

সংগঠনটি জানায়, মাঠ ও পার্ককে বাণিজ্যিক কাজে ব্যবহার করা মাঠ, পার্ক ও জলাধার আইন অনুযায়ী বেআইনি। রাষ্ট্রের অর্থে নির্মিত উন্মুক্ত স্থান কয়েক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা চরম অনিয়ম ও দুর্নীতির শামিল।

সংগঠনটির মতে, এ সিদ্ধান্ত সরকারের মাঠ ও খেলাধুলাবান্ধব নগর গড়ে তোলার অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক। তারা অভিযোগ করে, অতীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যে ক্লাবের কার্যক্রম বেআইনি ঘোষণা করা হয়েছিল এবং আদালত যাদের দখলদার হিসেবে চিহ্নিত করেছিলেন, সেই একই ক্লাবকে পুনরায় মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে রাজউক ওই মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিল। পরে গুলশান ইয়ুথ ক্লাব এ বিষয়ে রিট করলে আদালত তা খারিজ করে উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন। এরপরও ক্লাবটির হাতে মাঠের ব্যবস্থাপনা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনটি জানায়, গত তিন বছর ধরে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ককে সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে তারা আন্দোলন করে আসছে। গুলশান-২ এলাকার মাঠটি বর্তমানে প্রভাবশালী মহলের দখলে চলে গেছে বলেও দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাত দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কের নাম পুনর্বহাল, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাঠ ও পার্ককে মাস্টারপ্ল্যান অনুযায়ী খেলাধুলা ও উন্মুক্ত পার্ক হিসেবে গড়ে তোলা, কোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা এবং সব নাগরিকের জন্য মাঠ উন্মুক্ত রাখার নিশ্চয়তা দেওয়া।

এছাড়া ঢাকা শহরের প্রতিটি মাঠ ও পার্কে ‘নাগরিকদের মাঠ, সবার জন্য উন্মুক্ত’ সাইনবোর্ড স্থাপনের দাবিও জানানো হয়েছে।

এএইচ/ক.ম  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর