রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে থাকা একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণালঙ্কার আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের সাবেক কর্মী কৃষ্ণ বসাক ওরফে স্বপন বসাক (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি জুয়েলারি ব্যবসা, ফ্ল্যাট ও গাড়ি ক্রয় এবং পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ মে) তেজগাঁওয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
সিআইডি জানায়, গ্রেফতারকৃত বসাক ওই জুয়েলারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় তিনি প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে দোকান থেকে ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন তিনি, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
সিআইডি জানায়, তার আয়কর নথি ও আর্থিক লেনদেন পর্যালোচনায় দেখা যায়, কৃষ্ণ বসাক ওরফে স্বপন বসাক সেলসম্যান হিসেবে মাসিক আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তবে তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে।
তদন্তে দেখা যায়, তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে মালিকানায় প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ, ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণ প্রদর্শন করেছেন। যা আত্মসাৎ করা স্বর্ণের অংশ হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া তার ব্যাংক হিসাব পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানায় সিআইডি। এর আগে এ মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এমআইকে/এআর




