রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় করা মামলার আবেদনকারী উসাইমং মারমাকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এজেন্ট বলে দাবি করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সভাপতি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ।
বিজ্ঞাপন
সম্প্রতি মাইলস্টোনের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের ১৬ জনকে দায়ী করে অবহেলার অভিযোগে মামলা করার আবেদন করেন উসাইমং মারমা।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ খান সাইফ বলেন, ‘পারসোনালি অনুরোধও করব—উসাইমং মারমা কে, তাঁর ব্যাকগ্রাউন্ড কী, তিনি কোথায় থাকেন, সে বিষয়ে একটু খোঁজখবর নিন। আমি শুধু ক্লু দিলাম।’
তিনি আরও দাবি করেন, ‘কিছুদিন আগেও সন্তু লারমার স্ত্রী কানাডার একটি কনফারেন্সে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। উসাইমং মারমা তাঁদেরই এজেন্ট।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ যখন জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিত্তিক পররাষ্ট্রনীতিকে আরও সুদৃঢ় করার পথে এগোচ্ছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে, তখন একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকায়ন, যুদ্ধবিমান ক্রয় ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সামনে আসার পর থেকেই বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা শুরু হয়েছে।
এমআইকে/এআর




