সরকার ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, জনগণের কাছে উন্নয়ন কার্যক্রমের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার (১২ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব বলেন। সভায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের দলীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এর মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে আমিন উর রশিদ বলেন, মাঠপর্যায়ে যারা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন, তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারের জনগণের প্রতি যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী বলেন, কর্মসূচির প্রতিটি কার্যক্রমের তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনে জনগণের সামনে বাস্তব অগ্রগতি উপস্থাপন করা যায়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কী ধরনের সুবিধা পেয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তথ্য সংরক্ষণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুধু ওয়েবসাইটভিত্তিক তথ্য প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব তথ্যপ্রকাশ নিশ্চিত করতে বলেন মন্ত্রী। বলেন, বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে জনগণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমি চাই এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে উঠুক, যেখানে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো— সরকারের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে এবং জনগণ তার সুফল পাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমআর/ক.ম




