ভবিষ্যতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ‘অভিবাসন ও গতিশীলতা-বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক এক সভায় এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সভায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, আগামী জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আশ্রয় ও অভিবাসনসংক্রান্ত একটি নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে অবৈধ অভিবাসীদের জন্য আইনি মর্যাদার মাধ্যমে আশ্রয় প্রক্রিয়া আরো কঠিন হবে।
বাংলাদেশ-লিবিয়া-ইতালি রুটে অনিয়মিত অভিবাসীদের ব্যবহৃত একটি বিপজ্জনক পথে ভূমধ্যসাগরে সম্প্রতি কয়েকজন বাংলাদেশির মৃত্যুর প্রেক্ষাপটে সভাটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, লিবিয়ার সিডিএ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঢাকায় আইওএম মিশনের প্রধান আলোচনায় অংশ নেন।
অবৈধ অভিবাসনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির ওপর জোর দেন প্রতিমন্ত্রী। এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত অসাধু সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
সভায় অভিবাসীদের দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা বাড়ানো এবং নিয়মিত অভিবাসন পথগুলোকে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন পথের ভবিষ্যৎ সম্প্রসারণ ও তার উপায় নিয়ে আলোচনা করা হয়। একটি সুপরিচালিত নিয়মিত অভিবাসন পথের জন্য দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং গন্তব্য দেশগুলোর নিয়োগকর্তাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কর্মসংস্থান ও নিশ্চিত অভিবাসন কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, যাতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত উন্নয়ন পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘বাংলাদেশ ফার্স্ট’ দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে রেমিটেন্স, মূলধন, দক্ষতা এবং ধারণা দিয়ে আরো বেশি অবদান রাখতে পারেন।
অবৈধ অভিবাসন রোধ করতে, নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে এবং অভিবাসনের সমগ্র প্রক্রিয়ায় মানবিক, নিয়মিত ও অধিকার-ভিত্তিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে একসঙ্গে ও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সব অংশীদারের সাধারণ ঐকমত্যের মাধ্যমে সভাটি সমাপ্ত হয়।
এসএইচ/এফএ




